

নিজস্ব প্রতিবেদক | মদনপুর (বন্দর), নারায়ণগঞ্জ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন ঐতিহ্যবাহী মদনপুর সাহেব বাড়ীর সন্তান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী কায়সার ভূঁইয়া। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন কায়সার ভূঁইয়া। তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী বলে স্থানীয়ভাবে পরিচিত। নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
মদনপুর সাহেব বাড়ীর অতীত ঐতিহ্য এবং সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন ভূঁইয়ার সুনামকে সামনে রেখে কায়সার ভূঁইয়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন বলে তাঁর সমর্থকরা জানান। তাদের ভাষ্য, একজন সৎ, নম্র, ভদ্র, দানশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে কায়সার ভূঁইয়া ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে কায়সার ভূঁইয়া বলেন,
“আমি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী মদনপুর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
এদিকে তাঁর সমর্থকদের দাবি, কায়সার ভূঁইয়ার বাড়ি ও কার্যালয়ে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তাঁর সঙ্গে মতবিনিময় করছেন। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে বলে তারা মনে করছেন।
তবে নির্বাচন ঘিরে এখনো বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে চূড়ান্তভাবে কে কোন দলের প্রার্থী হচ্ছেন, তা নির্ধারণ হবে সংশ্লিষ্ট দলের সিদ্ধান্তের পর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই মদনপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা আরও বৃদ্ধি পাবে। স্থানীয় উন্নয়ন, সুশাসন এবং জনসেবার প্রতিশ্রুতিকে কেন্দ্র করেই মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে বলে তারা মনে করছেন।