

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌর ভূমি অফিসে যোগদানের পর থেকেই সেবাগ্রহীতাদের নিরলস ও আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। তার সততা, কর্মনিষ্ঠা ও দালালমুক্ত সেবা প্রদানের উদ্যোগে বদলে গেছে অফিসের সার্বিক চিত্র।
অফিস সূত্রে জানা যায়, মোহাম্মদ সাদ্দাম হোসেন যোগদানের পর থেকেই অফিসকে পুরোপুরি দালালমুক্ত করার জন্য কঠোর অবস্থান নিয়েছেন। কোনো প্রকার ঘুষ বা হয়রানি ছাড়াই সাধারণ মানুষ যেন দ্রুত সময়ে তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা পায়, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। নামজারি, খাজনা আদায়, পর্চা প্রদানসহ সকল সেবা এখন নিয়ম অনুযায়ী দ্রুত দেওয়া হচ্ছে।
সেবা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় বর্তমানে সেবার মান অনেক উন্নত হয়েছে।
সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতা বলেন, “আগের চাইতে বর্তমানে তারাবো পৌর ভূমি অফিসে এসে আমরা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছি না। স্যার (সাদ্দাম হোসেন) অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শোনেন এবং দ্রুত সেবা দিয়ে দেন। কোনো দালালের কাছে যেতে হয় না। অফিসে আসলেই সরাসরি সেবা পাচ্ছি।”স্থানীয়দের মতে, একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার কারণে ভূমি অফিস সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা ছিল, তা বদলে যেতে শুরু করেছে। ঘুষ ও দালালমুক্ত পরিবেশে সেবা পেয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ।
এ বিষয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে জনগণকে সেবা দেওয়াই আমার মূল দায়িত্ব। আমি চেষ্টা করছি সরকারের ভূমি সেবা সহজীকরণের যে উদ্যোগ, তা শতভাগ বাস্তবায়ন করতে। এখানে কোনো দালালের স্থান নেই। সেবাগ্রহীতারা সরাসরি অফিসে এসে নিয়ম অনুযায়ী সেবা নেবেন, এটাই আমার প্রত্যাশা।”
তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। তারা মনে করেন, প্রতিটি ভূমি অফিসে সাদ্দাম হোসেনের মতো কর্মকর্তা থাকলে ভূমি সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি অনেকাংশে কমে যাবে।