

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
শনিবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন আকারের মোট ১৩টি কচ্ছপ আটক করা হয়। পরে উপজেলা প্রাণীসম্পদ অফিসার, পুলিশ সদস্য ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বৈদ্দের বাজার ঘাট এলাকায় কচ্ছপগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও কাঁচপুর সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা ফাইরুজ তাসনিম। তিনি জানান, “বন্য প্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানের সংক্ষিপ্ত তথ্য:
মামলা: ০১টি
উদ্ধারকৃত কচ্ছপ: ১৩টি
অর্থদণ্ড: ১০,০০০ টাকা
স্থান: মেঘনা টোলপ্লাজা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ