আমাদের স্বাধীন দেশ
স্টাফ রিপোর্টার | রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলার পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভূইয়া। তিনি উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন এবং সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের বিভিন্ন মানবিক ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, রূপগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবার মান আরও বাড়ানোর মাধ্যমে রূপগঞ্জকে দেশের অন্যতম মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সরকারের সকল উন্নয়নমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়নে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়বদ্ধতারও অংশ। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে গণআন্দোলনে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলা চত্বরে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মানবিক সহায়তা কার্যক্রম ও পরিবেশ সংরক্ষণ উদ্যোগকে জনকল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।