আমাদের স্বাধীন দেশ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় গৃহস্থালী কাজে ব্যবহৃত ৬টি পুকুরে প্রদর্শনীর জন্য মাছের খাদ্য এবং পুকুরপাড়ে আবাদ উপযোগী বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) উপজেলা পর্যায়ে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবুর রহমান। তিনি বলেন, গৃহস্থালী পুকুরের যথাযথ ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবারের অতিরিক্ত আয় সৃষ্টিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুকুরপাড়ে সবজি চাষের মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব অনিক রায় এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব গোলাম হোসেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিসেস মনোয়ারা বেগম। তিনি জানান, প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাছের খাদ্য ও সবজির বীজ প্রদান করা হয়েছে, যাতে তারা একই সঙ্গে মাছ ও সবজি উৎপাদন করে পুষ্টি এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুফলভোগীদের হাতে মাছের খাদ্য ও সবজির বীজ তুলে দেওয়া হয়। উপস্থিত মৎস্যচাষীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা তাদের মাছের উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।