আমাদের স্বাধীন দেশ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে বাধা প্রদান, অসৌজন্যমূলক আচরণ, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপ-সহকারী ভূমি কর্মকর্তা সলিমুল্লাহর বিরুদ্ধে। এ সময় নামজারি সেবার জন্য এক দম্পতির কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগও পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম সংবাদ সংগ্রহের জন্য কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে ভূমি সেবা নিতে আসা দুলাল ও তার স্ত্রী সেবা না পেয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলেন। সাংবাদিক ইব্রাহিম তাদের কাছে সেবা না পাওয়ার কারণ জানতে চাইলে এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সলিমুল্লাহ।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, সলিমুল্লাহ তার সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং হাতে থাকা মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেন। একপর্যায়ে তিনি আঙুল উঁচিয়ে তেড়ে এসে হুমকি প্রদান করেন।
এদিকে সেবা নিতে আসা দুলাল ও তার স্ত্রী অভিযোগ করেন, একটি নামজারির আবেদনের জন্য তাদের কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের কোনো সেবা না দিয়ে এসি (ল্যান্ড) অফিসে পাঠানো হয়। তারা অভিযোগ করেন, সেবা পাওয়ার আশায় টানা চারদিন ভূমি অফিসে ঘুরেও তারা কোনো প্রতিকার পাননি।
এ ঘটনার পর পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। সাংবাদিক ইব্রাহিমের দাবি, ঘটনার সময় অফিসের উমেদার ও সেখানে উপস্থিত কথিত দালালচক্র বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এসময় ভূমি অফিসের আরেক সহকারী কর্মকর্তা মোতালেব তাকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। তবে তিনি বারবার টাকা নিতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে সাংবাদিক মোঃ ইব্রাহিম বলেন, “সাংবাদিকের সংবাদ সংগ্রহের স্বাধীনতা হরণের অধিকার আপনাদের কে দিয়েছে? আমি ন্যায়বিচার চাই। এ ঘটনায় আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, ভূমি সহকারী কর্মকর্তা মোতালেব তাকে বলেন, “থানায় অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না। ফতুল্লা থানার ওসি মাহবুব আমার বন্ধু। অভিযোগ করলে ওসি সাহেবই আমাকে ফোন দেবে।”
ভুক্তভোগী সাংবাদিক বিষয়টি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেও অবহিত করেছেন। পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে
উল্লেখ্য, অভিযুক্ত সলিমুল্লাহর বিরুদ্ধে এর আগেও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপতারা ও সাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে সেবাগ্রহীতাদের হয়রানি, দুর্ব্যবহার ও ঘুষ গ্রহণের একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।