আমাদের স্বাধীন দেশ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মোঃইব্রাহীম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোঃ সাইদুর রহমান ১৯/০৯/২০২৪ ইং তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাপক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে আস্থা অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ইউনিয়নে সরকারি সকল ধরনের সহায়তা ও সেবা সঠিকভাবে সেবাগ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, টিসিবি কার্ডসহ সরকারি সকল সুবিধা স্বচ্ছতার সাথে বিতরণ নিশ্চিত করেছেন।
এছাড়া ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে *পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা, কালভার্ট নির্মাণ, রাস্তা-ঘাট সংস্কার ও পাকাকরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন, যা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “মুড়াপাড়া ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন। পরিষদে স্থায়ীভাবে প্রশাসনিক কর্মকর্তা না থাকায় আমাদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাই আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, এখানে স্থায়ীভাবে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক।
তিনি আরও বলেন, “যতদিন এই চেয়ারে থাকব, ততদিন নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে ইউনিয়ন পরিষদের সকল বরাদ্দ দিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব। জনগণের আমানত আমি শতভাগ সততার সাথে রক্ষা করব।
স্থানীয় সচেতন মহলের মতে, সাইদুর রহমানের মতো একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের কারণে মুড়াপাড়া ইউনিয়ন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে।