আমাদের স্বাধীন দেশ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবার মানে এসেছে দৃশ্যমান পরিবর্তন। অফিসের পরিবেশ এখন দালালমুক্ত, শৃঙ্খল ও হয়রানিমুক্ত। সেবা নিতে এসে সন্তোষ প্রকাশ করছেন সাধারণ সেবাগ্রহীতারা।
গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে মোঃ রাসেল আহমেদ শাহীন সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসের সেবার মান আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আগে যেখানে সেবা নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হতো, এখন সেখানে অল্প সময়ের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা ও আবেদন জমা দেওয়ার কাজ সম্পন্ন হচ্ছে। অফিসের ভেতরে ফিরেছে শৃঙ্খলা। কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ব্যবহার ও সহযোগিতায় সেবার গতি বেড়েছে কয়েকগুণ।
সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, নতুন সহকারী পরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো প্রকার দালালের খপ্পরে পড়তে হচ্ছে না। নিজের কাজ নিজেই স্বল্প সময়ে করতে পারছেন। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।
এ বিষয়ে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ রাসেল আহমেদ শাহীন বলেন, “আমরা চেষ্টা করছি নাগরিকদের সর্বোচ্চ দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে। জনবল সংকট থাকা সত্ত্বেও অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী মিলে আন্তরিকভাবে কাজ করছি। মাঝে মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে ত্রুটির কারণে যাচাই-বাছাইয়ে কিছুটা বিলম্ব হয়, এছাড়া লোকবল কম থাকায় মাঝে মধ্যে সেবা দিতে একটু সময় লাগে। তবে আমরা দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, সেবার মান ধরে রাখতে এবং আরও গতিশীল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় লোকবল বৃদ্ধি ও সার্ভার জটিলতা নিরসনে কাজ চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, নতুন সহকারী পরিচালকের সততা, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় নরসিংদী পাসপোর্ট অফিস এখন একটি মডেল অফিসে পরিণত হওয়ার পথে এবং এই ধারা অব্যাহত থাকলে জনভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে।