আমাদের স্বাধীন দেশ
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না স্বস্তি, দিনমজুরের রোজগার বন্ধ, ক্ষুব্ধ এলাকাবাসী
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রম হতদরিদ্র মানুষের জন্য হলেও সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজুমপুর উচ্চ বিদ্যালয়ের পাশের বিক্রয়কেন্দ্রে গিয়ে উল্টো ভোগান্তির চিত্র দেখা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এই কেন্দ্রের ডিলার হিসেবে রয়েছেন মোঃ আল আমিন। এলাকাবাসীর অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার কথা। কিন্তু বাস্তবে ওই কেন্দ্রে গিয়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা
সরেজমিনে কথা হয় লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক নারী-পুরুষের সঙ্গে। তাদের ভাষ্য, ভোরে এসে লাইনে দাঁড়ালেও চাল-আটা পেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়।
একজন নারী বলেন, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়াইছি, এখন বাজে দুপুর ২টা, এখনও চাল পাই নাই। বাসায় রান্না বন্ধ, ছেলে-মেয়ে না খেয়ে আছে।
আরেকজন দিনমজুর বলেন, আমরা গরিব মানুষ। একদিন কাজে না গেলে সংসার চলে না। ওএমএসের চাল আনতে এসে সারাদিন শেষ।
২৭০ টাকার চাল আনতে ৫০০ টাকার ক্ষতি
স্থানীয়দের হিসাব অনুযায়ী, ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে খরচ হয় প্রায় ২৭০ টাকা। কিন্তু এই চাল আনতে গিয়ে একজন দিনমজুরের ৪ থেকে ৫ ঘণ্টা, কোনো কোনো দিন পুরো দিনের কাজ বন্ধ হয়ে যায়। এতে তার ৪০০ থেকে ৫০০ টাকার দৈনিক রোজগার নষ্ট হয়।
ফলে প্রশ্ন উঠেছে, সরকার যে সুবিধা দিচ্ছে, বাস্তবে গরিব মানুষ সেই সুবিধা কতটুকু পাচ্ছে? নাকি ভোগান্তির কারণে সুবিধাটাই বোঝা হয়ে দাঁড়াচ্ছে?
এ কারণে অনেকেই এখন ওএমএসের চাল নিতে আসতে চাইছেন না বলেও জানান স্থানীয়রা।
ডিলার অনুপস্থিত থাকার অভিযোগ
এলাকাবাসীর অভিযোগ, ডিলার মোঃ আল আমিন অন্যত্র চাকরি করার কারণে নিয়মিত কেন্দ্রে থাকেন না। তার পরিবর্তে তার শ্বশুর কেন্দ্রটি পরিচালনা করেন বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয়দের আরও অভিযোগ, আগের সময় থেকে ডিলারশিপের সঙ্গে যুক্ত থাকার সুবাদে কেন্দ্র পরিচালনায় অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিভিন্ন দোকানে ওএমএসের চাল-আটা বিক্রি করা হচ্ছে বলেও কেউ কেউ অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করেনি কর্তৃপক্ষ।
এলাকাবাসীর দাবি
এলাকাবাসী দাবি জানিয়েছেন
১. কেন্দ্রে প্রতিদিন সঠিক সময়ে বিতরণ শুরু করতে হবে।
২. ডিলার নিজে উপস্থিত থেকে বিতরণ করবেন।
৩. লাইনে দীর্ঘসময় অপেক্ষার ভোগান্তি বন্ধ করতে হবে।
৪. বেশি দামে বিক্রির অভিযোগ তদন্ত করতে হবে।
তারা খাদ্য অধিদপ্তর এবং সোনারগাঁও উপজেলা প্রশাসনের কাছে এই কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডিলার মোঃ আল আমিনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।