বুধবার, ৮ এপ্রিল ২০২৬
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন।

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন।

admin

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রতিনিধি:
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কে ৪৩+০০০ পয়েন্টে জরুরি ভিত্তিতে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাতড়াপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে সাদীপুর উচ্চ বিদ্যালয়, সাদীপুর আলিম মাদ্রাসা, নুরজাহান আদর্শ কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উভয় পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যস্ত এই এক্সপ্রেসওয়েটি পারাপারের জন্য কোনো নিরাপদ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছোট ছোট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
তারা আরও জানান, ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। দ্রুত আন্ডারপাস নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধনের কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়, এতে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।

Developed by : BDIX ROOT