আমাদের স্বাধীন দেশ
নারায়ণগঞ্জ সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত এ কে এস ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি যথাযথ অনুমোদন ও নিয়মনীতি অনুসরণ না করে চিকিৎসা সেবা প্রদান করছিল। এ সময় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি মামলা দায়ের করা হয়।
দুই মামলায় প্রতিষ্ঠানটিকে যথাক্রমে ৫ হাজার টাকা এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫ হাজার টাকা।
আদালত আরও জানায়, জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের ৭ দিন ও ১০ দিন করে মোট ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মধ্যে এ অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।