বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে বড় অভিযান: ২ চুনা কারখানা গুঁড়িয়ে, ২ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন।

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে বড় অভিযান: ২ চুনা কারখানা গুঁড়িয়ে, ২ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন।

admin

আমাদের স্বাধীন দেশ

 বিশেষ প্রতিবেদক :

সোনারগাঁও উপজেলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। শিকদার বাড়ি এলাকায় একটি চুনা কারখানা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং নয়াপুর এলাকায় আরেকটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও প্রায় ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়, যা স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়াল।
অভিযানের সময় এক্সকাভেটর মেশিন দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহায়তায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁসহ আশপাশের এলাকায় অবৈধ গ্যাস সংযোগ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অবৈধ সংযোগের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তাই ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই তা উচ্ছেদ করা হবে।
এই অভিযান স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, ধারাবাহিক অভিযানের মাধ্যমে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Developed by : BDIX ROOT