আমাদের স্বাধীন দেশ
নিজস্ব প্রতিবেদক :মোঃ ইব্রাহিম
সোনারগাঁও, ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার):
আজ সোনারগাঁও উপজেলার মহজমপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আল মুজাহিদ মল্লিক।
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের কষ্ট লাঘবে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন আল মুজাহিদ মল্লিক। তার উদ্যোগে অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়, যেখানে তারা আরাম করে বসে থাকতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা পান। এ উদ্যোগে অভিভাবকদের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি পরীক্ষার দিনেই কেন্দ্রে প্রচুর অভিভাবক উপস্থিত থাকেন, ফলে তাদের জন্য এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন এলাকাবাসী।
পরিদর্শন শেষে আল মুজাহিদ মল্লিক বলেন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করা এবং অভিভাবকদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সারাদেশের মতো সোনারগাঁও উপজেলাতেও কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।