আমাদের স্বাধীন দেশ
বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মহজমপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক-এর শাখা বহাল রাখার দাবিতে এলাকার সাধারণ জনগণ, কৃষক, ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শাখাটি স্থানান্তর বা বন্ধের যেকোনো উদ্যোগ থেকে সরে এসে জনগণের স্বার্থে মহজমপুর শাখা পূর্বের ন্যায় চালু রাখার জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মহজমপুর এলাকার কৃষিনির্ভর জনগোষ্ঠীর জন্য কৃষি ব্যাংক শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষিঋণ গ্রহণ, সঞ্চয়, ব্যবসায়িক লেনদেন এবং সরকারি বিভিন্ন ভাতা উত্তোলনের ক্ষেত্রে এ শাখার ওপর নির্ভরশীল হাজারো মানুষ।
বক্তারা আরও বলেন, শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে কৃষক ও বয়স্ক গ্রাহকদের দূরবর্তী এলাকায় গিয়ে ব্যাংকিং সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। এতে কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে উপস্থিত গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে মহজমপুর শাখা এলাকার মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করছে। তাই জনগণের দাবি উপেক্ষা না করে দ্রুত শাখাটি বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে।