

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা এলাকায় সড়কে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২০০ মিটার জুড়ে সড়কের মাঝখান ও পাশে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও সড়কে ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা ও যানবাহন চালকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংলাব-পাকুন্দা এলাকায় এশিয়ান হাইওয়ের (মদনপুর- জয়দেবপুর – এশিয়ান হাইওয়ে মহাসড়ক) আন্ডারপাস সংলগ্ন পূর্ব পাশে মূল সড়কে লম্বা ফাটল দেখা দিয়েছে। কোনো কোনো স্থানে ফাটল প্রায় ২-৩ ইঞ্চি পর্যন্ত চওড়া হয়ে গেছে। ভারী যানবাহন চলাচলের সময় ফাটল দিয়ে মাটি সরে যাচ্ছে। বৃষ্টি হলে এই ফাটলে পানি ঢুকে সড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সঠিকভাবে মাটি কম্প্যাকশন না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
এ পথে চলাচলকারী বাস ট্রাক চালকরা বলেন, “ফাটলের ওপর দিয়ে গাড়ি চালাতে গেলে গাড়ি প্রচন্ড ঝাঁকুনি দেয়। মনে হয় রাস্তা ভেঙে গাড়ি নিচে পড়ে যাবে। রাতের বেলা এই ফাটল বোঝা যায় না, তাই দুর্ঘটনার ঝুঁকি আরও বেশি।”
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, রাস্তার কাজ চলমান থাকা অবস্থায় ২০০ মিটার জায়গা জুড়ে বসে যাওয়া ও ফাটল ধরাটা স্বাভাবিক । ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে ফাঁকি দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এটি মেরামত করা।”
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্মাণে কোনো ত্রুটি থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দ্রুত এই ভয়াবহ ফাটল মেরামত করে জনগণের চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।