

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গত ০১/১১/২০২৪ ইং তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাজী মোঃ মামুন।
দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা সহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে যেসব রাস্তা ভাঙা ও চলাচলের অনুপযোগী ছিল, সেগুলো এখন সংস্কার হয়ে চলাচলের উপযোগী হয়েছে। জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
শুধু অবকাঠামোই নয়, সরকারি যত সুযোগ-সুবিধা আছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, টিসিবি কার্ড, গর্ভবতী ভাতাসহ সকল সেবা তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রকৃত সুবিধাভোগী মানুষের কাছে স্বচ্ছভাবে পৌঁছে দিচ্ছেন। কোনো প্রকার স্বজনপ্রীতি ও অনিয়ম ছাড়াই সেবা পেয়ে সন্তুষ্ট ইউনিয়নবাসী।
ইউনিয়নবাসীর প্রতিক্রিয়া:
স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বলেন, মামুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট এখন অনেক ভালো। বিপদে-আপদে তাকে কাছে পাই।
আরেক বাসিন্দা আব্দুল হাকিম বলেন, _”আগে ভাতা পেতে অনেক হয়রানি হতে হতো, এখন অফিসে গেলেই সরাসরি সেবা পাচ্ছি। মামুন সাহেবের মতো সৎ মানুষই ইউনিয়নের জন্য দরকার।
নারী সেবা গ্রহীতা ফাতেমা বেগম বলেন, _গরিব মানুষের কথা তিনি মন দিয়ে শোনেন। সরকারি সুবিধা এখন ঠিকমতো পাচ্ছি। আমরা তার কাজে খুশি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ মামুন বলেন, _আমি চেয়ারম্যান নই, ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। বৈদ্যেরবাজার ইউনিয়নকে একটি মডেল ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা চাই। যতদিন দায়িত্বে আছি, মানুষের আমানত রক্ষা করে স্বচ্ছভাবে কাজ করে যাব।
স্থানীয় সচেতন মহলের মতে, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তাঁর সততা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতায় বৈদ্যেরবাজার ইউনিয়ন উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে গেছে। ব্যাপক উন্নয়নে এখন প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন।