

জয়ী হলে ৯ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে উপহার দেবো, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মজিবুর রহমান
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মোহাম্মদ মজিবুর রহমান।
সম্প্রতি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন।
মোঃ মজিবুর রহমান বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত দুইবারের ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু জোরজবরদস্তি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেই আমাকে বারবার বঞ্চিত করা হয়েছে। কিন্তু এলাকার মানুষের ভালোবাসা থেকে আমি কখনো সরে যাইনি।
বর্তমানে তিনি হাইজাদী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে মজিবুর রহমান বলেন, তার চারটি কন্যা সন্তান রয়েছে। তার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার মানুষের সেবা করাই তার একমাত্র উদ্দেশ্য।
তিনি বলেন, _“আমার নিজের জন্য কিছু চাই না। আমি চাই, আমার মৃত্যুর পরও যেন এলাকার মানুষ আমার নামটা মনে রাখে।
নির্বাচিত হলে কী করবেন, সে বিষয়ে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ৯ নং ওয়ার্ডের ভোটাররা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে সরকারের যত সুযোগ-সুবিধা আছে তা সঠিকভাবে ওয়ার্ডবাসীর কাছে পৌঁছে দেবেন। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতি হতে দেবেন না।
এছাড়া তিনি ৯ নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, কালভার্ট নির্মাণ, খেলার মাঠ সংস্কার এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, আমি ৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে এলাকাবাসীকে উপহার দিতে চাই। যেখানে থাকবে উন্নয়ন, নিরাপত্তা আর স্বচ্ছতা।
তার আত্মপ্রকাশের খবরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন।